সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তিনটি প্রধান বন্দর ও এর আশপাশের এলাকা থেকে সাধারণ বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার জরুরি সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরানের দাবি, এসব এলাকায় মার্কিন সামরিক বাহিনীর গোপন উপস্থিতি থাকায় বন্দরগুলো এখন তাদের ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’তে পরিণত হয়েছে।
লক্ষ্যবস্তুতে কোন কোন বন্দর?
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার ঝুঁকিতে থাকা তিনটি বন্দর হলো: ১. জেবেল আলি বন্দর (দুবাই) ২. খলিফা বন্দর (আবুধাবি) ৩. ফুজাইরাহ বন্দর
কেন এই হামলার হুমকি?
ইরানের দাবি অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী এসব বেসামরিক স্থাপনার ভেতরে তাদের অবস্থান ও কার্যক্রম গোপন রেখেছে। ওয়াশিংটন স্থানীয় আরব ভূখণ্ডকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে তেহরান। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে যে, বেসামরিক এলাকায় মার্কিন উপস্থিতির কারণেই এসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এখন হামলার তালিকায়।
‘হামলা হতে পারে কয়েক ঘণ্টার মধ্যেই’
তাসনিম নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওই এলাকার বাসিন্দা এবং অবস্থানরত সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য কঠোর পরামর্শ দিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক
এই সতর্কবার্তার পর সংযুক্ত আরব আমিরাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর জেবেল আলিতে হামলা হলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে তার বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরান ও তার মিত্ররা দফায় দফায় হামলা চালিয়ে আসছে।










