বিদেশি পর্যটক, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া অত্যন্ত সহজ ও দ্রুততর করতে ঐতিহাসিক ও বড় ধরনের নীতিগত সংস্কার এনেছে ভারত সরকার।
দেশটির ভিসার বিদ্যমান প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে মাত্র ৯টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণি ৪৯টি থেকে ছেঁটে ২৩টি করা হয়েছে।
এ ছাড়া ভিসা আবেদন ফরম পূরণের জটিলতা কাটাতে তথ্য দেওয়ার ক্ষেত্রে ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশিদের যাতায়াতকে ঝামেলামুক্ত করতেই আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পর্যটক ভিসা এখন ‘ভিজিটর ভিসা’
নতুন নিয়মে প্রচলিত পর্যটক ভিসার নাম বদলে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এটিকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে:
- ভি-১ (V-1): মোট ৩০ দিন মেয়াদের এই ভিসায় একাধিকবার (মাল্টিপল এন্ট্রি) ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি এটি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, যোগব্যায়াম ও হস্তশিল্প কোর্সের জন্য প্রযোজ্য হবে।
- ভি-২ (V-2): দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ১, ৫ বা ১০ বছর মেয়াদের ভি-২ ভিসা দেওয়া হবে। এতে ভি-১ এর সুবিধা ছাড়াও পর্বতারোহণের বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
চিকিৎসা ভিসার মেয়াদ ১ বছর, সহজ হলো নিয়ম
চিকিৎসা ভিসার কাঠামোও ঢেলে সাজানো হয়েছে। প্রচলিত আধুনিক চিকিৎসার জন্য ‘এম-১’ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য ‘এম-৩’ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার সাধারণ মেয়াদ হবে ১ বছর এবং এতে বারবার যাতায়াত করা যাবে।
রোগীদের সফরসঙ্গীদের জন্য যথাক্রমে ‘এম-২’ ও ‘এম-৪’ ভিসা নিশ্চিত করা হয়েছে, যা ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও গতিশীল করবে।
শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসায় পরিবর্তন
শিক্ষার্থীদের জন্য এস-১ (স্কুল থেকে স্নাতকোত্তর) এবং এস-২ (পিএইচডি ও গবেষকদের জন্য) চালু করা হয়েছে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে আসা শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছর বা কোর্সের মেয়াদ পর্যন্ত ‘ই-এস১’ ভিসা পাবেন।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি ব্যবসায়ে বিনিয়োগের জন্য ‘বি-১’ এবং চুক্তিভিত্তিক কাজ, মেলা, স্পোর্টস বা শুটিংয়ের জন্য ‘বি-২’ ভিসা নির্ধারণ করা হয়েছে। কারিগরি ও আইটি বিশেষজ্ঞদেরও বি-২ ক্যাটাগরির আওতায় ই-ভিসা সুবিধা দেওয়া হবে।
১৭২ দেশের জন্য ই-ভিসা ও চালুর সময়সীমা
বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা ভারতের ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের (ই-ভিসা) সুবিধা পান। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইটি সিস্টেমে প্রয়োজনীয় সংস্কার ও হালনাগাদ কাজ দ্রুত গতিতে চলছে।
২০২৬ সালের শেষ নাগাদ নতুন এই সহজীকৃত কাঠামোর আওতায় আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু করা শুরু হবে।














