ইয়েমেনের চারটি প্রদেশ লক্ষ্য করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মোট ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হাউছি গোষ্ঠী নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সাবা এই তথ্য জানিয়েছে। তবে হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কোন কোন এলাকায় চালানো হলো হামলা
সাবার তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি হামলা চালানো হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও আল-ঘাইল জেলায় ১০টি এবং মারিব প্রদেশের আল-জুবাহ জেলায় তিনটি হামলা হয়েছে।
এছাড়া তাইজ প্রদেশের মাওজা ও মাকবানাহ জেলা, মোচা জংশন এবং আশপাশের এলাকায় সবচেয়ে বেশি, ১৮টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আরো পড়ুন- যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ‘ভারী আঘাত’
সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য নেই
এই হামলা নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এক দশকের বেশি সময় ধরে চলছে সংঘাত
২০১৪ সালের সেপ্টেম্বরে হাউছিরা রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ইয়েমেন দীর্ঘ সংঘাতের কবলে রয়েছে। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে, যা এখনো চলমান।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি













