বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ঐতিহাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জোড়া অধিবেশনে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম
সম্মেলনটি দুটি পৃথক পর্বে সম্পন্ন হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নির্বাচনী অধিবেশন।
এ সময় ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন (সদস্য) প্রত্যক্ষ ভোট প্রদান করেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও আ. সবুর ফকির।
পরবর্তীতে সকাল ১১টা থেকে মূল সাংগঠনিক অধিবেশন শুরু হয়।

‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন ও আমীরের নসিহত
সম্মেলনে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি আধুনিক মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে নাগরিকরা ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবেন।
রুকনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জামায়াত আমীর বলেন, “আমাদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাতে যাওয়া। অর্জিত নিয়ামতের জন্য চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করতে হবে।”
অতীত আন্দোলন-সংগ্রামে দায়িত্বশীলদের ত্যাগের কথা স্মরণ করিয়ে তিনি আত্মগঠন ও রুকনিয়াতের মান বৃদ্ধির আহ্বান জানান।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“মানুষ আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে কিছু ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত হয়েছে, যা ভবিষ্যতে পরিহার করতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। আগামীতে সংগতভাবেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। এই দেশ ইনশাআল্লাহ কুরআনের ভিত্তিতেই পরিচালিত হবে।”
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় রুকনদের সর্বোচ্চ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।

শীর্ষ নেতাদের বক্তব্য
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান ও নৈতিকতার দায়িত্ব। রুহানিয়াত যত শক্তিশালী হবে, সংগঠনও তত মজবুত হবে।”
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, মো. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি বক্তব্য প্রদান করেন।














