যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের রুমমেট হিশাম আবুঘারবিয়ের (২৬) বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় হিলসবরা কাউন্টি শেরিফ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
লাশ উদ্ধার ও গ্রেপ্তার
গত ১৭ এপ্রিল থেকে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পা বে-র একটি সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করার পরই তার রুমমেট আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও বৃষ্টির লাশ এখনো পাওয়া যায়নি, তবে তার পরিবার জানিয়েছে বৃষ্টির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ
পুলিশের চিফ ডেপুটি জোসেফ মাউরের জানান, আবুঘারবিয়াহর বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে খুনের অভিযোগ আনা হয়েছে। স্টেট অ্যাটর্নি অফিস বিষয়টির তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মেধাবী দুই প্রাণের অকাল প্রয়াণ
নিহত দুই শিক্ষার্থীরই বয়স ছিল ২৭ বছর। লিমন পরিবেশ বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে গবেষণা করছিলেন এবং চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল। অন্যদিকে বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডক্টরেট করছিলেন। তাদের এই অকাল মৃত্যুতে ফ্লোরিডাসহ বাংলাদেশের প্রবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে।








