সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং অন্য তিন স্তম্ভকে সঠিক পথে রাখার ‘ভ্যানগার্ড’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াত সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছে।
শনিবার রাজধানীর ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে’
ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বিবেক অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা আমরা হারিয়ে ফেলেছিলাম। রুহুল আমিন গাজী, মাহমুদুর রহমান, শহিদুল আলম ও ফরহাদ মজহারের ওপর নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল সত্য বলা কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া।”
তিনি আরও যোগ করেন, “আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। ফ্যাসিবাদ জাতিকে কখনো ভালো কিছু দিতে পারে না।”
সরকারের প্রতি হুঁশিয়ারি
ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে জামায়াত আমির বলেন, “বিএনপি যদি জাতীয় স্বার্থে অনড় থাকে, তবে জামায়াত পাশে থেকে শক্তি জোগাবে। কিন্তু যদি দেখি সরকারি দল বিচ্যুত হয়ে যাচ্ছে, তবে তাদের সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।”
সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা
সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বর্তমানে আমরা বিরোধী দলে আছি। আপনাদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি। তবে এই কাজটা সরকারি দলকেও দিতে হবে। সংবাদপত্র যদি সঠিকভাবে কাজ করে, তবে রাষ্ট্রের বাকি তিন অঙ্গ সোজা চলতে বাধ্য হবে।”
উপস্থিত ছিলেন যারা
ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজে সভাপতি হাসান হাফিজুর রহমান, মহাসচিব কাদের গনি চৌধুরী, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ আরও অনেকে।










