শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি
ছবি: সমকাল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসে এবং তারেক রহমান যদি দিল্লির সাথে সমঝোতা করে তার দেশে আসার ব্যবস্থা করেন, তবে আমরা প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। চৌদ্দশত শহীদ পরিবার ও ৩০ হাজার আহত যোদ্ধা রাজপথে নেমে আসবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করব।”

সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সভায় নাহিদ ইসলাম বলেন, চব্বিশের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এক দফার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সেই এক দফা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

আরো পড়ুন- ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

বিদ্যমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, চব্বিশের আন্দোলনের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। বাজারে চুলায় গ্যাস নেই, ঘরে বিদ্যুৎ নেই এবং গ্রামে গ্রামে চাঁদাবাজি ও দুর্নীতি আগের মতোই চলছে।

বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আন্দোলন চলাকালে যারা পাশে ছিল, পরবর্তীতে তারাই সংস্কারের বিরোধিতা করেছে। গত দুই বছর সংস্কারের বিপক্ষে বিএনপির ভূমিকা ছিল বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ ও আহতদের মূল্যায়নে সরকারের উদ্যোগের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য এখনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে কেবল ক্ষমতায় বসানোর জন্য শহীদরা জীবন দেয়নি, তারা দেশ ও ব্যবস্থার পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি হতে দেওয়া হবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, মূখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এবং শহীদ পরিবারের সদস্যরা।

সূত্র: সমকাল