বিএনপি কমিটি বিলুপ্ত
banner

রাজধানীর মিরপুরের শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার ঘটনায় সমালোচনার মুখে থাকা ক্ষমতাসীন বিএনপির ঢাকা মহানগর উত্তর, যুবদল ঢাকা মহানগর উত্তর এবং ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মিরপুর ও মোহাম্মদপুর এলাকার সাংগঠনিক থানাগুলো এসব কমিটির অধীনে রয়েছে। একই সঙ্গে যুবদলের শাহ আলী থানা ও স্বেচ্ছাসেবক দলের দারুস সালাম থানার কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের কমিটি বিলুপ্ত

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে এবং শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ নভেম্বর আমিনুল হকের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছিল। তিনি বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। এর আগের আহ্বায়ক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর এই কমিটি গঠিত হয়েছিল।

রাড্ডা কাণ্ডে জড়িত অভিযোগেই কঠোর সিদ্ধান্ত

গত ২৪ সেপ্টেম্বর শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তরা রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার ভাঙচুরে সংশ্লিষ্টতা দেখা গেছে। এই সমালোচনার মধ্যেই মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করলো বিএনপি।

তিন নেতা বহিষ্কার বিএনপি থেকে

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে প্রাথমিক সদস্যসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কমিটিও বিলুপ্ত, বহিষ্কার আরও পাঁচজন

একই রাতে যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উত্তর যুবদলের আহ্বায়ক ছিলেন শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব ছিলেন সাজ্জাদুল মিরাজ।

জানা যায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় সাজ্জাদুল মিরাজ তা ঠেকাতে সক্রিয় হয়েছিলেন এবং বিষয়টি শাহ আলী থানার তৎকালীন ওসি ও মিরপুর জোনের উপকমিশনারকে জানিয়েছিলেন। ভাঙচুরের সময় পুলিশের নিষ্ক্রিয়তা এবং থানার ওসির সংশ্লিষ্টতার বিষয়টিও সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন তিনি।

একই বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, থানা যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহেল, কবির হোসেন এবং আকবর হোসেনকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

ছাত্রদলের কমিটিও মেয়াদোত্তীর্ণ ঘোষণা

ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বুধবার রাতে জানানো হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে।

মো. রবিন খানকে সভাপতি এবং আকরাম আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গঠিত হয়েছিল এই ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি, যার আওতায় রয়েছে বৃহত্তর মিরপুর ও মোহাম্মদপুরের ১১টি থানা।

ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধেও মিরপুর এলাকায় চাঁদাবাজি এবং রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে, ভিডিও ফুটেজে থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজনকে দেখাও গেছে।

স্বেচ্ছাসেবক দলের দুই নেতাও বহিষ্কার

বৃহত্তর মিরপুরের দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের দুই শীর্ষস্থানীয় নেতাকেও বহিষ্কার করা হয়েছে। বিএনপির এই অঙ্গসংগঠনের সহদপ্তর সম্পাদক ওসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার এবং সদস্য সচিব হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।