মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেয়ার অভিযোগে আরেক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫), তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।
সহপাঠীর ঝগড়ার জের ধরেই ঘটনার সূত্রপাত
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে তার বাবা নাহিদ শেখ বৃহস্পতিবার সরাসরি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এরপর তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতরেই তিনবার আছাড় দেন।
আতঙ্কে চিৎকার সহপাঠীদের, ছুটে আসেন শিক্ষকরা
এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে নিজের কক্ষে নিয়ে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান।
পুলিশের হাতে আটক, ছড়ালো সিসিটিভি ফুটেজ
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের
বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষও। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সূত্র: এখন টিভি














