নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, ৫ আগস্টের আন্দোলনে এই ‘ফার্মের মুরগি’ বলে আখ্যায়িত ছাত্ররাই রাস্তায় নেমেছিল বলে বর্তমান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শিলং থেকে ফিরে দায়িত্ব পেয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।

তাঁর ভাষ্য, ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা এখনও ঢাকায় রিকশা চালাতেন এবং তারেক রহমান লন্ডন থেকে ফিরে সরকার গঠন করতে পারতেন না।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা

হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারাসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং সাত দিন ধরে মানুষ পানিবন্দি থাকলেও এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। তাঁর দাবি, লাখ লাখ মানুষ দুর্গত থাকলেও সরকারের বরাদ্দ মাথাপিছু ৩০ টাকারও কম, অথচ পার্বত্য চট্টগ্রাম থেকে সরকার ৯০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

তিনি আরও অভিযোগ করেন, বন্যায় মানুষ যখন দুর্বিষহ জীবনযাপন করছেন, তখন পার্বত্য অঞ্চল-সংশ্লিষ্ট এক মন্ত্রী সৌদি আরবে হজে গেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও চট্টগ্রামের দুর্গত মানুষের কাছে যাননি বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি সরকার হাসিনার সাবেক প্রশাসন, মন্ত্রিসভা ও ব্যবসায়ীদের রেখে দিতে চায়, শুধু আপত্তি শেখ হাসিনার ব্যক্তিসত্তা নিয়ে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে দাবি করেছেন সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। এই যুক্তি মেনে নিলে ২০২৬ সালের নির্বাচন সংবিধানসম্মত নয় বলে দাবি করেন তিনি, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।

এ প্রসঙ্গে তিনি বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এই ছাত্র আন্দোলন না হলে বর্তমান মন্ত্রী-নেতারা এখনও শিলং বা লন্ডনে প্রবাসে অথবা দেশে পলাতক অবস্থায় থাকতেন।

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ক্ষোভ

বিএনপির জনসমর্থন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করছে না। তাঁর দাবি, দেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই রায় মানছে না।

সমাবেশে অন্যান্য নেতাদের উপস্থিতি

কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় ও জেলার নেতারা।

এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে চৌরাস্তা ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।