ইরান ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হেনেছে, যার ফলে হাইফা শহরে কমপক্ষে চারজন আহত হয়েছেন।
আলজাজিরা সংবাদমাধ্যম ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রবিবার (১৫ জুন) রাতের এই খবর জানিয়েছে।
ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা নিশ্চিত করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তর ইসরায়েলের হাইফায় অন্তত চারজন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে যে, হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, কারণ ইসরায়েলের ‘আয়রন ডোম’ ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করছে। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে এবং স্থানীয়দের ‘সুরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।







