Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু বেড়ে ৪৬

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু বেড়ে ৪৬

150
0
ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৪৬ জনের মৃত্যূ হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন।দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাতে এমনটাই জানিয়েছে আল জাজিরা।

ইসলামিক আবাসিক স্কুল, হাসপাতাল ও সরকারি ভবনসহ শত শত বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার সিয়ানজুর শহরের প্রশাসনিক কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে অনেক বাসিন্দাই আটকা পড়েছেন।ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সুহারম্যান বলেন, সবশেষ ডেটায় ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগী অনেকেই বিভিন্ন এলাকা থেকে আসছেন। প্রায় ৭০০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া শহরের সায়াং হাসপাতালে বিদ্যুৎ নেই। ফলে ভুক্তভোগীদের সার্জারি করতে পারছেন না ডাক্তাররা।

এর আগে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানায়, সোমবার দেশটির রাজধানী জাকার্তা ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে।

জাকার্তার প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম জাভার সিয়ানজুর এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং যা ১০ কিলোমিটার গভীরে ছিল। তবে বিএমকেজি বলছে, এর প্রভাবে সুনামির কোনো শঙ্কা নেই।

রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকার্তার কেন্দ্রীয় বাণিজ্যিক শহরে ভূকম্পনের পর অফিস থেকে মানুষজন বেরিয়ে পড়ে। এ সময় ভবনগুলো কাঁপছিল এবং আসবাবপত্র নড়ছিল।

সিয়ানজুরের বাসিন্দা মুচলিস বলেছেন, তিনি বড় ধরনের কম্পন অনুভব করেছেন। তার অফিস ভবনের দেয়াল ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। উদ্বিগ্ন হয়েছিলাম যে আরেকটি ভূমিকম্প হবে।’

তিনি জানান, এ শক্তিশালী ভূমিকম্পের কারণে লোকেরা তাদের বাড়িঘর থেকে দৌড়ে বেরিয়েছে, কেউ কেউ অজ্ঞান হয়ে গেছে এবং বমি করেছে।

বিএমকেজির প্রধান দিকোরিতা কর্ণাবতী আফটারশক হলে লোকজনকে সংসদ ভবনের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন।বিএমকেজির কর্মকর্তা সুকো প্রয়িতনো বলেন, কর্তৃপক্ষ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ রেকর্ড করা হয়েছে।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ