চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় যশোর জেলা পুলিশের বিশেষ টিমের সহায়তায় তাকে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম জানান, ঝুমঝুমপুর এলাকা থেকে গত রাতে যৌথ কৌশলে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয় এবং আজ সকালে তাকে চট্টগ্রামে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরো পড়ুন- ২০০১ সালের ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা – কেন প্রকাশ করা হয়েছিল এবং কারা ছিলেন আলোচনায়

নোয়াখালীতে রায়হান অল্পের জন্য পলাতক

অভিযানের বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান,

‘ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানসহ একটি দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের ধরতে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছিল। যশোর থেকে ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্যদিকে নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারেও একটি টিম অভিযান চালায়, তবে সে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেভিড ইমনকে গ্রেপ্তার ও পুরো অপারেশনের ইনসাইড তথ্য বিস্তারিত তুলে ধরা হবে।

দুই সহযোগীর স্বীকারোক্তিতেই মিলল সূত্র

এর আগে গত রোববার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তারা হলেন- মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, রোববার রাতের অভিযানে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং আরিফের পকেটে থাকা আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা নিজেদের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা প্রকাশ্যে আনে। তাদের দেওয়া তথ্যের সূত্র ধরেই অবশেষে গ্রেপ্তার হলো মূল হোতা ডেভিড ইমন।

সূত্র:আগামীর সময়