রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মো. রবিউল আলম রাজু (৫৫) এবং দৈনিক সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান (৪৫)। দুজনেই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সকালে উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনা যেভাবে ঘটে
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তরার জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে নির্বাচনী প্রচারণা শেষে প্রেসক্লাবে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে তাঁরা জসীমউদ্দীন রোড দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।
এ সময় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাঁদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট বাস শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
প্রেস ক্লাব নির্বাচনে দুজনই ছিলেন প্রার্থী
জানা গেছে, আগামী শনিবার (১৮ জুলাই) উত্তরা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে শাকিবুল হাসান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।
শাকিবুলের ব্যালট নম্বর ছিল ১৮ এবং রাজুর ব্যালট নম্বর ছিল ২২। শাকিবুলের গ্রামের বাড়ি বরিশালে এবং রাজুর বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে।
সাংবাদিক মহলে শোক
এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উত্তরা প্রেস ক্লাবের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সূত্রঃ উত্তরা নিউজ২৪










