ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ক্যান্টনমেন্ট থানার এই সাবেক ওসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছে।
যেভাবে শুরু হয় ঘটনা
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে ওসির পদ থেকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
এরপরই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন- এমপি নজরুলের ৪ দিনের রিমান্ড
অডিওতে যা শোনা গিয়েছিল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়, যেখানে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথোপকথন শোনা যায়।
অডিওটি ছড়িয়ে পড়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি এবং কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন।
বুধবার রাতে ছড়িয়ে পড়া ওই অডিওতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়। একই সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি।
যা বলা হয়েছিল অডিওতে
অডিওতে ওই ব্যক্তিকে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে শোনা যায়, যেখানে তিনি পুলিশ বাহিনীকে দুর্বল আখ্যা দিয়ে দ্রুত তার ফেরা উচিত বলে মন্তব্য করেন। একই অডিওতে সিনিয়র কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি।
এছাড়া মনির নামে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িচালকের মাধ্যমে থানার ওসি পদায়নের অভিযোগও করা হয় অডিওতে, যেখানে অর্থের বিনিময়ে পোস্টিং হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও তোলেন অডিওর বক্তা।














