Home রাজনীতি সংকটাপন্ন খালেদা জিয়া ভেন্টিলেশনে: চিকিৎসার আপডেট জানাল মেডিকেল বোর্ড

সংকটাপন্ন খালেদা জিয়া ভেন্টিলেশনে: চিকিৎসার আপডেট জানাল মেডিকেল বোর্ড

176
0
সংকটাপন্ন খালেদা জিয়া ভেন্টিলেশনে

সংকটাপন্ন খালেদা জিয়া- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংকটাপন্ন অবস্থায় বর্তমানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর জন্য গঠিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড।

সংকটাপন্ন খালেদা জিয়া- গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুর ১টার সর্বশেষ খালেদা জিয়ার চিকিৎসা আপডেটে বোর্ড এই তথ্য জানিয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার।

আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

🩺 সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা পদ্ধতি

মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যে জানানো হয়, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের বৃদ্ধি দেখা দেওয়ায় প্রথমে তাঁকে হাইফ্লো নাজাল ক্যানোলা ও বাইপ্যাপ মেশিনে রাখা হয়েছিল।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাঁকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়।

চিকিৎসকরা আরও জানান:

  • কিডনি কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস শুরু করা হয়েছে এবং তা নিয়মিত দিতে হচ্ছে।
  • পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি’র জটিলতার কারণে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন প্রয়োজন হচ্ছে।
  • নিয়মিত ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভালভে সমস্যা ধরা পড়ায় ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ অ্যানডোকার্ডাইটিস শনাক্ত হয়। এর জন্য আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে।
  • গত ২৭ নভেম্বর ধরা পড়া অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস-এর চিকিৎসা চলছে।
  • শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ শনাক্ত হওয়ায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি ও বিদেশি বিভিন্ন শাখার বিশেষজ্ঞ নিয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

আরো পড়ুন- খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি

চিকিৎসকদের অনুরোধ

চিকিৎসকরা গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি ভুল বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

তাঁরা মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে সম্মান দেখাতে আহ্বান জানিয়েছেন।

🏥 হাসপাতালে ভর্তি

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

বাসায় অবস্থানকালে গত মাসের শেষ দিকে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির তীব্র অবনতি দেখা দেওয়ায় দ্রুত তাঁকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।

সূত্রঃ বাসস