বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, তাঁরা একমাত্র আল্লাহ তায়ালাকে ছাড়া আর কাউকে ভয় করেন না এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো শক্তির ‘দাদাগিরি’ বরদাশত করবেন না।
জামায়াত আমির শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।
কারও রক্তচক্ষুকে পরোয়া নয়
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না। তবে বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারও দাদাগিরি দেখতেও চাই না। বরদাশত করতেও রাজি নই।”
তিনি আরও যোগ করেন, “ইসলামী এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না।”
তিনি উল্লেখ করেন, দেশের জনগণ এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না এবং আগামীতে তারা কোথায় ভোট দেবে, তা জানিয়ে দিচ্ছে।
তল্পিবাহকদের প্রতি বার্তা
অন্যদের ‘তল্পিবাহক’ বা ‘তাঁবেদারি’ যারা করছে, তাদের সতর্ক করে জামায়াত আমির বলেন, “যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য।
এরা ওখানে গিলতেও পারছে না, ফেলতেও পারছে না—এই পর্যায়ে এসে গেছে। আপনারা এই দেশে থাকেন। এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার চেষ্টা করেন।”
ফ্যাসিবাদ ও অপকর্ম
ডা. শফিকুর রহমান মন্তব্য করেন যে, ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি।
তিনি বলেন, “একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে।”
বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার প্রবণতা এখনো থামেনি বলেও তিনি দুঃখ প্রকাশ করেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার
আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জনগণ তাদের লালকার্ড দেখাতে প্রস্তুত।
তিনি হুঁশিয়ারি দেন, যদি কেউ এই লালকার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করে, তবে এ দেশের সংগ্রামী জনগণ তাদের সব ষড়যন্ত্র ভণ্ডুল করে দেবে।
প্রশাসনিক ক্যু বা অন্য কোনো বাঁকা পথে নির্বাচনের ফলাফল হাইজ্যাক করার চেষ্টার বিষয়ে তিনি বলেন,
“সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে।”
জোটের বাইরে ইসলামী দলগুলোর প্রতি আহ্বান
জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন। তিনি বলেন- “আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সব জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙিনায় চলে আসুন।
এই আঙিনা আপনাদের আঙিনা…আপনারা ঘরের ছেলে ঘরে চলে আসুন। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করব, অভিনন্দন জানাবো, ইনশাআল্লাহ।”
–নিউজ ডেস্ক







