বিশ্বকাপ জয়ের পর আনন্দ ও উৎসবের রঙে রঙ্গীন আর্জেন্টিনা। আর এমনটা প্রত্যাশিতই ছিল। কে না জানে, ম্যারাডোনার দেশের মানুষ কতটা ফুটবল ভালোবাসে। কিন্তু পুরো আর্জেন্টিনার এই উৎসবের সময়েও ঘটেছে দুঃখজনক ঘটনা। আর্জেন্টাইন ফুটবলারদের ছাদখোলা বাসের প্যারেড বিশৃঙ্খলার কারণে আর শেষই করা যায়নি।
মিররের প্রতিবেদনে বলা হয়েছে,মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বকাপ জয়ী মেসিদের এক নজর দেখতে ৫০ লাখেরও বেশি মানুষ জড়ো হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে। বিমানবন্দর থেকে দেশটির বিখ্যাত সৌধ ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে ছাদ খোলা বাসে বিজয়যাত্রা করার কথা ছিল মেসিদের। সেই বাসযাত্রা শুরুও হয়েছিল নির্ধারিত সময়ে। এর মধ্যে দুইজন ভক্ত আর্জেন্টিনার ফুটবলারদের বহনকারী বাসে ঝাপ দিয়ে উঠে পড়ার চেষ্টা করেন।
বাসে লাফ দেওয়াদের একজন সফল হলেও ফার্নান্দেজ নামের একজন বাসের পেছনের অংশের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ বছরের ফার্নান্দেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এই ঘটনার সঙ্গে সঙ্গেই মেসিদের নিরাপত্তায় এগিয়ে আসে আর্জেন্টিনার নৌবাহিনী। তাদের পাঠানো হেলিকপ্টারে প্যারেড শেষ করার আগেই ছাদ খোলা বাস ত্যাগ করে মেসি বাহিনী আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কার্যালয়ে চলে যায়।
তবে মেসিদের ঘটনাস্থল ত্যাগের পর রাস্তাঘাট ফাকা হতে সময় লাগেনি। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়া টুইটে তখন বলেছিলেন, ‘ওবেলিস্কে গিয়ে সবাইকে অভিবাদন জানানো হয়তো সম্ভব হবে না। নিরাপত্তারক্ষীরা আমাদের এগোতে দিচ্ছেন না। সমস্ত ফুটবলারের প্রতিনিধি হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
এদিকে ওবেলিস্কের নিচে তখন জড়ো হয়েছিল প্রায় ৩০ লাখ মানুষ। অনেকেই ২৩৫ ফুট উচু ওবেলিস্কের চূড়ায় উঠে যান। তাদের নামাতে বেগ পেতে ফায়ার সার্ভিসের কর্মীদের। সেখানে জড়ো হওয়া হলিগানদের (বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল) সঙ্গে পুলিশের সংঘর্ষে ৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হলিগানের কিছু যুবক পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারে।
দেশটির প্লাজা সান মার্টিনে এক ঘটনায় বিশ্বকাপ উদযাপনের সময় ৫ বছরের শিশুর মাথায় স্মৃতিস্তম্ভ থেকে মার্বেল এসে পড়লে সে গুরুতর আহত হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে কোমায় রয়েছে।
এ ছাড়া আর্জেন্টাইন ফুটবল দলের প্যারেড কভার করতে আসা বিদেশী সাংবাদিকদের বিড়ম্বনায় পড়ারও খবর পাওয়া গেছে।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ









