রায়পুরায় নির্বাচনী প্রচারে হামলায়
প্রতিপক্ষের হামলায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। ফটো- সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (২২ মে) বিকালে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমন মিয়া চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। ২৯ মে অনুষ্ঠেয় তৃতীয় ধাপের রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, নির্বাচনী প্রচারে দুপুরে পাড়াতলী এলাকায় যান সুমন মিয়া ও তার সমর্থকরা। সেখানে আবিদ হাসান রুবেল নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা সুমনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা সহকারী পুলিশ সুপার আফসান-আল আলম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ