খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান

সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

আজম খান বলেন, “গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। তার অবস্থা এখনও সংকটজনক আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি (খালেদা জিয়া) আসেন নাই। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার পরিস্থিতিকে ‘খুব ডিপ কন্ডিশন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকু বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। আপনারা ভেন্টিলেশন বলতে পারেন, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন বলতে পারেন।”

এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া কামনা করে আজম খান জানান, চিকিৎসকরা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিলেও এখন চীনের ডাক্তাররাও বিশেষজ্ঞ দল হিসেবে যুক্ত হয়েছেন।

চার দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনাই এখন সকলের একমাত্র চাওয়া, বলে মন্তব্য করেন আজম খান।