রাজধানীর মিরপুরে ৩ হাজার টাকার ফ্রি শপিং অফার দিয়ে উদ্বোধনের দিনেই বিপাকে পড়েছে একটি শোরুম কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক মানুষের সমাগমের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একপর্যায়ে শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
শুক্রবার বিকালে পল্লবী মেট্রো স্টেশনের পাশে ‘লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেট’ নামের শোরুমটির উদ্বোধনের কথা ছিল। এই উপলক্ষে ‘লাইভ শপিং’ নামের একটি ফেসবুক পেজে বিশেষ অফারের প্রচারণা চালানো হয়েছিল।
গোল করলেই মিলবে বিনামূল্যে কেনাকাটা, তাতেই ভিড়
প্রচারিত পোস্টারে বলা হয়েছিল, শোরুমে থাকা দুটি গোলপোস্টের একটিতে শট নিয়ে গোল করতে পারলেই মিলবে ৩ হাজার টাকার পণ্য বিনা মূল্যে কেনার সুযোগ। এই অফারকে কেন্দ্র করেই উদ্বোধনের আগে শোরুমের সামনে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ।
প্রত্যক্ষদর্শী ও শোরুম কর্তৃপক্ষের ভাষ্যমতে, শুরুতে অফার ও খেলা নিয়ে উৎসাহ-উদ্দীপনা থাকলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় সামলাতেই হিমশিম খেতে হয় শোরুম কর্তৃপক্ষকে।
নিয়ম না মানার জেরে সংঘর্ষ, শুরু হয় ভাঙচুর
শোরুম কর্তৃপক্ষের অভিযোগ, একপর্যায়ে কিছু ব্যক্তি সাধারণ ক্রেতাদের সঙ্গে মিশে শোরুমে প্রবেশ করেন এবং সংঘবদ্ধভাবে ভাঙচুর শুরু করেন, যাতে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়।
ফেসবুক পোস্টে লাইভ শপিং জানায়, একটি দল আগে কেনাকাটা না করেই ফুটবলে শট নেয়ার দাবি জানায় এবং অফারের নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে এই দাবি মানতে অস্বীকার করলে তারা লুটপাটের হুমকি দিয়ে উপস্থিত জনতাকে উসকানি দেয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে “ভুয়া, ভুয়া” স্লোগানে সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে মূল গেট বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ততক্ষণে দূরদূরান্ত থেকে আসা আরও অনেক ক্রেতা গেটের বাইরে জড়ো হয়ে যান।
জুতা-সানগ্লাস-মানিব্যাগ নিয়ে সটকে পড়ার অভিযোগ
লাইভ শপিং কর্তৃপক্ষের দাবি, একপর্যায়ে কয়েকজন জুতা, সানগ্লাস, বেল্ট ও মানিব্যাগসহ বিভিন্ন পণ্য পকেট ও ব্যাগে ঢুকিয়ে গেট দিয়ে বেরিয়ে যেতে থাকেন, যার ভিডিও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত আছে বলে জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করে, এরপর পুলিশ তিনটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর রাতেই ভিডিও প্রমাণসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে লাইভ শপিং কর্তৃপক্ষ।
অফারের প্রকৃত নিয়ম নিয়ে কী বলছে কর্তৃপক্ষ
লাইভ শপিং জানায়, তাদের অফারের নিয়ম পোস্টারেই স্পষ্টভাবে উল্লেখ ছিল, প্রথমে শপিং করে টোকেন সংগ্রহ করতে হবে, এরপর দুটি শটের মধ্যে একটি গোল করতে পারলেই মিলবে ৩ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্থাৎ আগে কেনাকাটা ছাড়া এই সুবিধা পাওয়ার কোনো সুযোগ ছিল না বলে তারা দাবি করেছে।
পুলিশের ভাষ্য: শর্ত বুঝতে না পেরেই বিশৃঙ্খলা
এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, অফারে ছোট করে ‘সিএ’ অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই লেখা ছিল, যা সাধারণ মানুষ বুঝতে পারেননি এবং হুড়মুড় করে চলে আসেন। পরে সেখানকার লোকজনের সঙ্গে ঝামেলা বাধে।
পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলে সেদিনের মতো শোরুমটি বন্ধ করে দেয়া হয়।













