ঢাকা শহরের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ৭টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস ও পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইটিসি চালুর সিদ্ধান্ত ও বুয়েটকে ১৫ দিনের সময়
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত ও প্রযুক্তিনির্ভর ‘ইলেকট্রনিক টোল কালেকশন’ (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে একটি ডেডিকেটেড অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী ৪ মাসের মধ্যে এ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্ব প্রস্তুতকৃত প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যা সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে বাস্তবায়ন করবে।
আরো পড়ুন- গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর ও গাবতলী সম্প্রসারণ
রাজধানীর কেন্দ্রীয় অংশের যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন হবে। তবে স্থায়ী টার্মিনাল দীর্ঘমেয়াদি প্রকল্প হওয়ায়, আগামী ৪ মাসের মধ্যে কেরানীগঞ্জের ‘ঝিলমিল’ প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশসহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
কারওয়ান বাজার স্থানান্তর, পার্কিং নীতি ও অবৈধ বাস বন্ধের নির্দেশ
রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। একই সাথে সচিবালয়কেন্দ্রিক যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখার এবং বিকল্প পার্কিং স্থান খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শহরে ব্যাটারিচালিত ও সিএনজি অটোরিকশা চলাচল সুসংহত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র- দৈনিক সমকাল













