গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত
banner

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পোশাক শিল্পাঞ্চল।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের একপর্যায়ে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে মঙ্গলবার সকালে নতুন করে আরও পাঁচটি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে গতকাল সোমবার থেকেই উদ্ভূত পরিস্থিতিতে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

যেসব পয়েন্টে চলে অবরোধ ও বিক্ষোভ

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। গতকাল সোমবারও মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তারা।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের অপর একটি অংশ বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অচল হয়ে পড়ে।

এ ছাড়া মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল ১০টা পর্যন্ত এই অবরোধ চলমান ছিল।

তীব্র যানজটে ভোগান্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

দুই মহাসড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দীর্ঘদিন ধরে দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তারা আবারও সড়কে নেমেছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, সকালে মহানগরীর কয়েকটি পয়েন্টে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় কিছু শ্রমিক জড়ো হওয়ায় সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য পাঠানো হয়েছে।