গাজীপুরের কাশিমপুর এলাকায় ককটেল ফাটিয়ে দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো ইউসুফ আলী রানা, বিধান হালদার, আনোয়ার হোসেন, মো. রুবেল, বাবুল বেপারি, জাকির হোসেন, সোলাইমান আকন, সাগর বাড়ৈ ও মৃদুল বাড়ৈ।
তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে সন্দেহভাজন আসামি ইউসুফ আলী রানা ও বিধান হালদারকে তেঁতুইবাড়ীর সানসিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে লস্করচালার লোহাকৈর রোডে ব্রাদার্সের খেলার মাঠের আশপাশে ডাকাতির খবর পেয়ে গোপনে অবস্থান নেয় পুলিশ।
এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অতর্কিতে পুলিশের ওপর আক্রমণ করে এবং গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাত সদস্য সোলাইমান আকনকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ডাকাত দলের হামলায় আহত হন কনস্টেবল মোস্তাফিজুর।
পুলিশ জানায়, সে সময় ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ১২টি অবিস্ফোরিত ককটেল, তিনটি চাপাতি, দুটি মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা আছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রঃ কালবেলা







