দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
রোববার (২২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ ও ডিবি পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ইমিগ্রেশনে আটক ও ডিবিতে হস্তান্তর
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে আটক করে এবং পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
আন্ডারওয়ার্ল্ডে পরিচিতি ও কারাভোগ
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম আলোচিত এই গ্যাংস্টার দীর্ঘ প্রায় দুই দশক কারাগারে বন্দি ছিলেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর টানা প্রায় ১৯ বছর কারাভোগ করেন শেখ আসলাম।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার প্রায় দুই বছর পর দেশ ছাড়ার চেষ্টাকালে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।














