২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-যৌথভাবে আয়োজন করছে ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর।

শুধু যৌথ আয়োজনই নয়, এবারই প্রথম তিন দেশের তিনটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি পৃথক ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি।

ইতিহাসের প্রথম যৌথ আসর ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল সিউলে। তবে এবার তিন আয়োজক দেশই নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আলাদা আলাদা মহা-আয়োজন সাজিয়েছে।

১. মেক্সিকো সিটিতে প্রথম পর্দা উঠছে: পারফর্ম করবেন শাকিরা

বিশ্বকাপের উদ্বোধনী মহোৎসবের প্রথম পর্বটি শুরু হচ্ছে মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘আজতেকা স্টেডিয়ামে’। প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

সময়সূচি: বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং রাত ১টায় গড়াবে উদ্বোধনী ম্যাচ।

মূল আকর্ষণ: মেক্সিকোর আদিবাসী শিল্পীদের পরিবেশনা, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পের চোখ ধাঁধানো প্রদর্শনী। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন গ্লোবাল পপ আইকন কলম্বিয়ান তারকা শাকিরা ও নাইজেরিয়ার বার্না বয়।

এছাড়া আলেহান্দ্রো ফার্নান্দেজ, জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার টাইলা মঞ্চ কাঁপাবেন। বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোতে বিশেষ ছুটি ও সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও দেওয়া হয়েছে।

২. কানাডার আয়োজনে নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

কানাডার উদ্বোধনী আসরটি বসবে টরন্টো স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

  • সময়সূচি: বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী পারফরম্যান্স এবং ম্যাচ শুরু হবে রাত ১টায়।
  • মূল আকর্ষণ: কানাডার ইতিহাস ও গৌরবময় মুহূর্তগুলোকে তুলে ধরতে একটি বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এই মঞ্চে আলো ছড়াবেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও তারকা নোরা ফাতেহি, মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় আন্তর্জাতিক শিল্পী ‘সঞ্জয়’।

৩. লস অ্যাঞ্জেলেসে তারকাদের ঝলক

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হবে বিখ্যাত লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্যারাগুয়ে।

  • সময়সূচি: বাংলাদেশ সময় আগামী শনিবার (১৩ জুন) ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান এবং সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।
  • মূল আকর্ষণ: আমেরিকার মহোৎসবে থাকবে বিশাল পরিসরের ভিজ্যুয়াল উপস্থাপনা ও গল্পভিত্তিক থিয়েট্রিকাল মঞ্চায়ন। এখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা ও রেমা।

এক থিমে তিন আয়োজন: নেপথ্যে মার্কো বালিচ

তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশ ও উপস্থাপনা আলাদা হলেও এর মূল বার্তা বা থিম একটাই—ঐক্য। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক বিভেদ ভুলে মানুষকে এক সুতোয় গাঁথার শক্তিকেই তুলে ধরা হবে।

এই তিনটি মেগা অনুষ্ঠানেরই প্রযোজনার দায়িত্বে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অলিম্পিক ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচ।