বনশ্রীতে শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তৃষা। মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

ঘটনার পরপরই রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে এবং বাস দুটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

কর্মস্থলে ছিলেন আফতাবনগর শাখায়

তাসপিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন, তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।

ঘটনাস্থলেই মৃত্যু, নিশ্চিত করলো পুলিশ

খিলগাঁও থানা পুলিশ জানায়, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তাসপিয়া। খবর পেয়ে পুলিশ দ্রুত তার মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

আরো পড়ুন- বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু

কাজে বের হয়ে আর ফেরা হলো না

স্বজনদের ভাষ্যমতে, সেদিন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তাসপিয়া।

সন্ধ্যায় তারা খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্বজনরা ছুটে যান ঢাকা মেডিকেল কলেজে।

কক্সবাজার যাওয়ার কথা ছিল আগামীকাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা সাংবাদিকদের জানান, তাসপিয়া নিয়মিত তার দোকান থেকে কাপড় তৈরি করাতেন এবং একজন ভালো মানুষ ছিলেন।

তিনি জানান, আগামীকালই তার কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল, অথচ সেই সন্ধ্যায়ই সড়কে তার রক্তাক্ত নিথর দেহ দেখতে হলো। পরে তিনিই তাসপিয়ার পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

তথ্যসূত্র: দৈনিক সমকাল