ভারতের হায়দরাবাদের সেকান্দেরাবাদে একটি বহুতল বাণিজ্যিক ভবনে লাগা আগুনে এক নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনে আগুন লাগে। পরে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সেন্ট মেরি রোডে অবস্থিত ভবনটির নিচতলার একটি বাইকের শোরুমে ইলেকট্রিক বাইকের ব্যাটারি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আগুন খুব দ্রুত চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
শোরুমটির ঠিক ওপরের তলায় ছিল ‘রুবি লাক্সারি’ নামে ওই হোটেল। নিহত আটজন অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে ছিলেন। ওই সময় ভবনে ২০ থেকে ২৫ জন মানুষ আটকা পড়েন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির জানালা দিয়ে এবং ড্রেনেজ পাইপ বেয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেন। পরে উদ্ধারকর্মীরা ভবনের ছাদে উঠতে সক্ষম হন এবং সেখান থেকে বাকিদের উদ্ধার করেন। তবে ধোঁয়ার কারণে উদ্ধার তৎপরতায় বিঘ্ন হয়।
প্রতিবেদনে বলা হয়, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। প্রাণে বাঁচতে অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়েন। পরে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার সকালে টুইট বার্তায় শোক প্রকাশ করে নিহতের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
সূত্রঃ কালবেলা







