মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত হয়েছে। শিশুটি তাদের মান্দালয়ের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মান্দালয়ে জান্তাবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি করলে নিজেদের বাড়িতে থাকা শিশুটি গুলিবিদ্ধ হয়। দেশটিতে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে এ পর্যন্ত এত কম বয়সী আর কেউ নিহত হয়নি।

১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে প্রায় প্রতিদিন দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ হচ্ছে। সেইভ দ্য চিলড্রেন বলছে, অভ্যুত্থানবিরোধী প্রতিবাদের সময় নিহতদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু রয়েছে।

এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছেন বলে সামরিক বাহিনী জানিয়েছে। অপরদিকে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) মৃতের সংখ্যা অন্তত ২৬১ জন বলে জানিয়েছে।

মান্দালয়ের অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগের একজন কর্মী বলেছেন, চান মায়া থাজি উপশহর এলাকায় সাত বছরের ওই শিশুটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

মিয়ানমার নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, সৈন্যরা শিশুটির বাবাকে গুলি করেছিল, কিন্তু গুলি বাবার কোলে থাকা শিশুটির গায়ে লাগে। এই এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও দুজন নিহত হয়েছেন।

শিশুটির নাম খিন মিও চিত বলে জানা গেছে। দাতব্য সংস্থার কর্মীরা জানিয়েছেন, উদ্ধারকারীরা শিশুটির চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি।

এক বিবৃতিতে শিশু বালিকার মৃত্যুর এ ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছে সেইভ দ্য চিলড্রেন।

সূত্র : বিবিসি ও রয়টার্স