বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া বিমান যোগাযোগ আবারও সচল করতে চায় পাকিস্তান। দেশটির হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান।
কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, ২০১৯ সালের মার্চ মাস থেকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে বাংলাদেশে অনিমিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। ওই উড়োজাহাজ সংস্থার পাইলটদের এক-তৃতীয়াংশের বিরুদ্ধে অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহের অভিযোগ ওঠার পর বিশ্বজুড়ে পিআইএর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এক পর্যায়ে যাত্রী সংকটে পড়ে অনেক দেশেই ফ্লাইট বন্ধ করে দেয় তারা। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।
২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) তাদের সদস্য রাষ্ট্রগুলোতে পিআইএর ফ্লাইট নিষিদ্ধ করে।







