নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোভেনিয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় দেশ স্লোভেনিয়া।

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর এবং দুইজন চরম-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপ নেয় দেশটি।

স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেশটির সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেন,
“এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং নীতিনির্ভর ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতি স্লোভেনিয়ার অঙ্গীকারকে প্রতিফলিত করে।”

গ্রাসিক আরও জানান, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা চলায় তার ওপর সরাসরি এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি বলেন, “জনগণ জানে, যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক মানবিক আইনকে শ্রদ্ধা করে এবং তা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এর আগেও স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। গত আগস্টে দেশটি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানিও বন্ধ করে দেয়।

গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্লোভেনিয়া বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ত্রাণ সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। ছোট দেশ হলেও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে স্লোভেনিয়া তার অবস্থান স্পষ্ট করেছে।

ইউরোপের এই ছোট্ট দেশটি বিশ্বকে জানিয়ে দিচ্ছে— “যুদ্ধাপরাধের সঙ্গে কোনো আপস নয়।”

— রিজভী মাহমুদ, আন্তর্জাতিক ডেস্ক।