রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকার মিরপুর সড়কের ব্যস্ত রাস্তায় ছুরি হাতে একদল ছিনতাইকারীর বাসে হামলা চালায়। পরিপূর্ণ রাস্তায় এমন ছিনতাইয়ের দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীসহ আশেপাশের লোকজন। জাদরান আসিফ নামের এক ব্যক্তি পুরো বিষয়টি ভিডিও করে ফেসবুকে আপলোড করলে সেটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকার মিরপুর সড়কের গতকাল বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ব্যস্ত রাস্তায় অস্ত্র দেখিয়ে ছিনতাই বিষয়ে জাদরান আসিফ জানান, ‘গতকাল সন্ধ্যায় ৬ টায় টান্সসিলভার একটি বাসে করে বাসায় ফিরছিলাম। বাসটি আসাদগেট মোড়ে এসে থামলে কয়েকজন ছেলে (ছিনতাইকারী) আমাদের বাসের এক যাত্রীর মোবাইল টান দেয়। এই সময়ে ওই যাত্রী চিৎকার দিলে ছেলেদের(ছিনতাইকারী) কোমরে থাকা ছুরি বের করে কোপ দেওয়ার চেষ্টা করে। এই সময়ে বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বাসের জানালা বন্ধ করে দেয়।
এসময় অস্ত্র হাতে ছেলেগুলো সব বাসে হামলা করে ভাঙচুর করার চেষ্টা করে। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, চালক গাড়ি দ্রুত টান দেন। ব্যস্ত রাস্তায় এমন ছিনতাইয়ের ঘটনা দেখে যাত্রীরা সব ভয়ে আতঙ্কে ছিলেন।’
জাদরান আসিফ আরও জানান, ‘ট্রাফিক সিগন্যাল ছাড়ার আগে পর্যন্ত ছেলেগুলো অস্ত্র দিয়ে বাসে অনেকবার আঘাত করে। তাদের সবার মুখে মাস্ক ছিল। আগে দেখেছি, বাসের জানালা দিয়ে মোবাইল ফোন টান দিয়ে দৌড় দেয়। কিন্তু গতকাল দেখলাম এভাবে ফিল্মি স্টাইলে ছিনতাই করতে।’
সূত্রঃ ইত্তেফাক







