পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা ৬মাসের শিশু নিহত
ছবিঃ ভোরের কাগজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে ছয় মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আশা। সে বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের বাদশার ছেলে। গুলিতে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে শিশুটির মাথা। সর্বশেষ খবর অনুযায়ী, ওই শিশুর মরদেহ রানীশংকৈল থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশের গুলিতে শিশুর মৃত্যুর এ ঘটনায় নিহত শিশুর মরদেহ নিয়ে অবরোধ করেছেন শিশুটির আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল জানতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এ সময় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় গুলিটি ওই শিশুর মাথায় লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার তদন্ত বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে অবরুদ্ধ করে রেখেছে গ্রামবাসী। তাদেরকে উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

সূত্রঃ ভোরের কাগজ