Home আমার ঢাকা জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

248
0
জুলাই গণঅভ্যুত্থান দিবস

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। যা সকাল ১১টায় শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে। এতে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন শো এবং আর্টসেল পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এমন পরিস্থিতিতে, নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলো এড়িয়ে চলাচল এবং নিম্নলিখিত পয়েন্টগুলোতে ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিকল্প রুটগুলো হলো :

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে আগত খেজুর বাগান বা ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি-২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে।

এছাড়া মিরপুর রোডের দক্ষিণ দিক থেকে (সায়েন্স ল্যাব ক্রসিং হতে) আসা খেজুর বাগান বা ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো আড়ং ক্রসিংয়ে ডান দিকে মোড় না নিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে গমনাগমন করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আসা ধানমন্ডিগামী যানবাহনগুলো খেজুর বাগান ক্রসিংয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মিরপুর রোড হয়ে সোজা দক্ষিণে ধানমন্ডির দিকে গমন করবে।

তবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধানমন্ডি বা মোহাম্মদপুরগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‌্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

ফার্মগেট থেকে খেজুর বাগান বা মানিক মিয়া অ্যাভিনিউ বা মিরপুর অভিমুখী যানবাহনগুলো ফার্মগেট থেকে বামে মোড় না নিয়ে সোজা বিজয় সরণি গিয়ে বামে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং বা লেক রোড হয়ে চলাচল করবে।

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলো গণভবন ক্রসিংয়ে সোজা দক্ষিণ দিকে যাওয়ার পরিবর্তে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে। এছাড়া মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে খেজুর বাগান বা ফার্মগেট অভিমুখী যানবাহনগুলো আসাদগেট ক্রসিংয়ে ডানে মোড় না নিয়ে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে চলাচল করবে।

মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে চলাচলকারী যানবাহনগুলো আগারগাঁও হতে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহার করবে।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের নিজস্ব বা ভাড়াকৃত যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ বিষয়ে নগরবাসীর পূর্ণ সহযোগিতা চেয়েছে ডিএমপি।

সূত্রঃ বাসস