সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা-১৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে দেখা যাচ্ছে ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে।’
কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া এই বক্তব্যটি বিকৃত।
গত ১০ জুলাই ভোট চাইতে গিয়ে এক পথসভায় মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘যত মানুষ ভোট দিতে আসবে নৌকা তত বেশি ভোট পাবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি।
কিন্তু আমরা যদি ভাবি, আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, চারদিকে নৌকার ভোট, নৌকাতো এমনিতেই জিতে যাবে, আমি ভোট না দিলেও জিতে যাবে। এই চিন্তা আমরা করতে পারবো না, এই চিন্তা করা যাবে না।
আমাকে যেতে হবে, আমার ঘরের লোককে নিয়ে যেতে হবে, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদেরকে চিনি, সবাইকে নিয়ে একাট্টা হয়ে উদ্বুদ্ধ করে আগ্রহী করে ভোট দিতে যেতে হবে। তবেই এই যে সমাজের মধ্যে জননেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা, যে গ্রহণযোগ্যতা, নৌকার যে গ্রহণযোগ্যতা তার প্রতিফলন আমরা ব্যালটের মাধ্যমে দিব, ভোট প্রদানের মধ্যে দিব।’
গণমাধ্যমে প্রচারিত মোহাম্মদ এ আরাফাতের দেওয়া প্রকৃত বক্তব্য-
https://www.facebook.com/watch/?ref=embed_video&v=681359247146243
গণমাধ্যমে প্রচারিত ঢাকা-১৭ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের দীর্ঘ এই বক্তব্যের একটি খণ্ডিত অংশকে কেটে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এমনটিই জানা গেছে।
মোহাম্মদ এ আরাফাতের বিকৃত বক্তব্য-
আগামীকাল সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ব্যালটে ভোটগ্রহণ চলবে। চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্রঃ ইত্তেফাক








