ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, নিজেদের দেশের চাহিদার যোগান দিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দেশটির কর্তৃপক্ষ বলছে, ভারতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে টিকার চাহিদা সামনে বাড়বে। তাই টিকা সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে তারা। এপ্রিলের শেষ নাগাদ রপ্তানি কার্যক্রম বন্ধ থাকতে পারে। এই সিদ্ধান্তে কোভ্যাক্সের মধ্যে অন্তর্ভূক্ত থাকা বিশ্বের অনেক দেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের নতুন টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলে মে মাসে এই সংকট কেটে যাবে।

ভারতে অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের দায়িত্বে রয়েছে সেরাম ইনস্টিটিউট। সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে নির্ধারিত সময়ে টিকা সরবরাহ করতে পারেনি তারা।

তবে এরই মধ্যে ৭৬টি দেশে ৬০ মিলিয়নের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি করেছে ভারত।