প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : পিএমও

রাজারবাগ, ১০ মে ২০২৬ — দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবেন।”

প্রধানমন্ত্রীর নতুন শপথের আহ্বান

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শুধু স্মরণের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ ভাইদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।”

তিনি আরও বলেন, “আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।”

মুক্তিযুদ্ধ ও রাজারবাগের ইতিহাস স্মরণ

প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন্সের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে হানাদার বাহিনী এখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর বর্বর হামলা চালিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ এবং রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ — দুটি ঘটনাই স্বাধীনতার লড়াইকে অনিবার্য করে তুলেছিল।

গণঅভ্যুত্থান ও বর্তমান সরকারের প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর জনগণের রায়ে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। নির্যাতিত মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়।”

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের দায়িত্ব পালনের প্রশংসা করে বলেন, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সক্ষম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

পুলিশ সপ্তাহ-২০২৬

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র‍্যাব সদস্যদের অভিনন্দন জানান তিনি এবং পুলিশ সপ্তাহের সার্বিক সাফল্য কামনা করেন।