সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন

সাভারের মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় ৭ বছর বয়সী এক শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের এই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মাদ্রাসার শিশুশিক্ষার্থীর ওপর একাধিক ছাত্র ও শিক্ষক যৌন নির্যাতন চালিয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

একটি শিশুর সঙ্গে এমন নৃশংস ও জঘন্য আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ধর্মীয় পরিচয় কাউকে অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না।

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতন

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মুখপাত্র মাওলানা রফিকুল ইসলাম আইনী জানান, অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে নির্যাতিত শিশুটির উপযুক্ত চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি।

এ ধরনের ঘটনা প্রতিরোধে মাদ্রাসাগুলোতে নিরাপত্তা জোরদার, শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাই, আবাসিক ব্যবস্থার তদারকি এবং শিশু সুরক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের তাগিদ দিয়েছে সংগঠনটি।

আরো পড়ুন- পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা

কোনো প্রতিষ্ঠানের অপরাধের দায় পুরো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ওপর চাপানো যেমন অনুচিত, তেমনি ভাবমূর্তি রক্ষার অজুহাতে অপরাধ আড়াল করাও গ্রহণযোগ্য নয়।