নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ এবং বনানী থানা-পুলিশের যৌথ ও দীর্ঘ নাটকীয় অভিযান শেষে তিনি গ্রেপ্তার হন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।

আত্মগোপন ও সারারাত পুলিশি অভিযান

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল্লাহ আল মামুন এই অভিযানের বিস্তারিত জানিয়ে বলেন, শ্রম আইনের একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

তিনি বনানীর একটি ভবনে আত্মগোপন করে আছেন—এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) রাতে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা-পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাতে সাজেদুল ইসলাম শুভ্র বাসা থেকে বের হননি এবং গ্রেপ্তার এড়াতে তিনি নানা কৌশল ও চেষ্টা চালাচ্ছিলেন।

দীর্ঘ সময় ধরে বাড়িটি ঘেরাও করে রাখার পর আজ বুধবার সকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে পরোয়ানায় তাঁর বিরুদ্ধে থাকা মূল অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।