জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে আশ্রিত সব আসামিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই ঐক্য’।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন এর তথ্য জানানো হয়।
কর্মসূচির উদ্দেশ্য ও আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুনি হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা, জুলাই ঐক্য।
- কর্মসূচি শুরু: আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে।
এ কর্মসূচিতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ অংশ নেবেন। কর্মসূচির নেতৃত্বে থাকবে জুলাই ঐক্যের সংগঠকগণ।
ষড়যন্ত্র ও আল্টিমেটাম
জুলাই ঐক্যের অভিযোগ, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণহত্যা চালানো সব খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ উল্লাস করে ভারতীয়রা।”
জুলাই ঐক্যের বিজ্ঞপ্তিতে ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকার উভয়কেই আল্টিমেটাম দেওয়া হয়েছে। বলা হয়, এ সময়ের মধ্যে খুনিদের ফেরত না দিলে, পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং এ সরকারের নির্দিষ্ট দপ্তরকে দায়-দায়িত্ব নিতে হবে।
সংগঠনটি জানায়, ভারত এবং তার প্রক্সিরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক বা নির্বাচন হোক তা চায় না, যার কারণে তারা একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে। তাই চব্বিশের ছাত্র-জনতাকে দেশ রক্ষার আন্দোলনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
দল-মত-নির্বিশেষে সব পেশার ছাত্র-জনতাকে রাজপথে নেমে আসার এবং আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজে উপস্থিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।










