Home বাংলাদেশ হাদি হত্যার বিচার: কাল দেশজুড়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

হাদি হত্যার বিচার: কাল দেশজুড়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

152
0
হাদি হত্যাকাণ্ডের বিচার
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

পুলিশের দেওয়া চার্জশিটে অসঙ্গতি থাকায় তা প্রত্যাখ্যান করে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

চার্জশিট নিয়ে প্রশ্ন ও ‘নারাজি’

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। ডিবির বরাত দিয়ে জাবের বলেন, “হত্যাকাণ্ডের দিন পাঁচটি টিম সেখানে উপস্থিত ছিল। অথচ চার্জশিটে বাকি চার গ্রুপের কোনো উল্লেখ নেই। ২১ জনের মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের কেন অন্তর্ভুক্ত করা হলো না?” এই অসম্পূর্ণ তদন্তের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে নারাজি দেওয়া হয়েছে।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে হুশিয়ারি দিয়ে বলা হয়, এই বিচার যেন সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো দীর্ঘসূত্রিতার কবলে না পড়ে। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে নিম্নলিখিত কর্মসূচি পালনের হুমকি দেওয়া হয়:

  • বিক্ষোভ মিছিলের পর অবরোধ।
  • প্রধান উপদেষ্টার বাসভবন (যমুনা) ঘেরাও।
  • পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ ভবন ঘেরাও।

মন্ত্রণালয় ও প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে কালকের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।