ওসমান হাদি হত্যা: এফবিআই-

শরিফ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে এফবিআই (FBI) ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক পেশাদার ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ সোমবার দুপুর ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত আইজিপির ব্রিফিং ও প্রশাসনের বক্তব্য প্রত্যাখ্যান করে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সরকারের জবাবে অসন্তোষ সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “১১ দিন পার হয়ে গেলেও খুনি বা এর নেপথ্যের পরিকল্পনাকারীদের বিষয়ে সরকারের কাছ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রশাসনের জবাবে আমরা সন্তুষ্ট নই।” ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা সঞ্চালিত এই অনুষ্ঠানে প্রশাসনের কাজে আওয়ামী দোসরদের প্রভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন ও হুঁশিয়ারি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাবের বলেন, “এত বড় হত্যাকাণ্ডের বিচারে আপনার পক্ষ থেকে কোনো জোরালো পদক্ষেপ আমরা দেখিনি। আপনাকে কারা অসহায় করে তুলল, তা জনগণকে জানাতে হবে। বিচার নিশ্চিত না করে তড়িঘড়ি নির্বাচন দিয়ে চলে যাওয়া যাবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে তিনি বলেন, “পদত্যাগ করার আগে হাদি হত্যার তদন্তে কারা বাধা দিচ্ছে, তা প্রকাশ করতে হবে। দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

আগামী কর্মসূচি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দফা দাবি উত্থাপন করা হয়েছে: ১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করা। ২. এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার সংস্থার মাধ্যমে তদন্তে সহায়তা নেওয়া।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ দুপুর ৩টার বিক্ষোভ মিছিলের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে প্রয়োজনে সরকার পতনের আন্দোলন শুরু করারও হুমকি দেয় সংগঠনটি।