মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা আসিফ মাহমুদ
banner

রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনকালে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রটি পুনর্নির্মাণের দাবি জানান।

পরিদর্শনকালে আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, “প্রশাসন ও সংশ্লিষ্টরা যদি এই ঘটনার দ্রুত বিচার ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, তবে দেশবাসী মনে করবে- এর সঙ্গে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন।”

আরো পড়ুন- মিরপুরে মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে মুখোশধারীদের হামলা, ভাঙচুর-লুটপাট

ঘটনাটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংগঠিত অপরাধ দাবি করে এনসিপির মুখপাত্র বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্থানীয় সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় পুলিশের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদ্যোগে এই লুটতরাজ চালানো হয়েছে।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা
রাড্ডা সেন্টারে লুটপাট করে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। ছবি: সংগৃহীত

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মাঝেও চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের খোঁজখবর নেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টাঙানো ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ডও অপসারণ করা হয়।

দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি ঘোষণা দেন,

“রাড্ডা ক্লিনিক কোনোভাবেই দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালিয়ে যাবেন স্বাস্থ্যকর্মীরা।”

হামলার দিন স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়া মাত্রই তারা সটকে পড়ে এবং লুটপাট শেষ হলে পুনরায় পরিদর্শনে আসে।

তাই মূল হামলাকারীদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দীর্ঘদিন ধরে মিরপুরে মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদানের মতো স্পর্শকাতর সেবা দেওয়া একটি প্রতিষ্ঠানে এ ধরনের ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এনসিপি নেতারা।