জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে দেশব্যাপী আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের মাঠে নামছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ঢাকা-৮ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সুজন জানান, ঢাকা-৮ আসন তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জুলাই আন্দোলনের সময় ভার্সিটি এলাকার শিক্ষার্থীদের সঙ্গে তিনি এই আসনেই আন্দোলনে শরিক হন। তাই সেখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আসনে বিএনপি ইতোমধ্যে মির্জা আব্বাসকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। ফলে ঢাকা-৮ এ মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছেন আলোচিত রিকশাচালক সুজন।
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণও একই দিন এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।
জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তাকে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সেই জনসমর্থনকে পুঁজি করেই তিনি জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করেছেন।
তথ্য সূত্রঃ ইত্তেফাক










