উত্তরাধিকার আলোচনা সভা

শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর আদর্শিক উত্তরাধিকার ও বর্ণাঢ্য অবদান স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় স্মরণ করা হয় সকল শহিদ, মজলুম ও আহতদেরও।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আফতাবনগর আলোকায়ন মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মোট তিনটি অধিবেশন হয়। প্রথম অধিবেশন বিকেল ৩টায়, দ্বিতীয় অধিবেশন বাদ আসর এবং তৃতীয় অধিবেশন বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির মাওলানা ত্বহা মাহমুদ ও ফেরদৌস আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হাসান নোমান।

প্রধান অতিথির আহ্বান: আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী। তিনি বলেন, আল্লামা শাহ্ আহমাদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দ্বীনি ও জাতীয় জীবনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তাদের রেখে যাওয়া আমানত ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তাগিদ দেন প্রধান অতিথি।

উত্তরাধিকার আলোচনা সভা

আরো পড়ুন- বিনয়, সাহস ও আদর্শের ওপর অবিচল থাকার আহ্বান-ছাত্র জমিয়তের তরবিয়তী ইজতেমা

মুখ্য আলোচক: ওলামায়ে কেরামকে সমন্বিত করতে হবে

মুখ্য আলোচকের বক্তব্যে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, সঠিক সিদ্ধান্ত ও দূরদর্শী রাজনীতির স্বার্থে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তার মতে, ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় ওলামায়ে কেরামকে সমন্বিত করতে না পারলে মূলধারার রাজনীতি কোনো না কোনো কৃত্রিম সংকটের আড়ালে পণ্ড হয়ে যাবে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশ যখনই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কবলে দিশেহারা হয়েছে, তখনই এ দেশের ওলামায়ে কেরাম ও ছাত্র-জনতা হাল ধরেছেন, বুকের রক্ত দিয়েছেন।

আল্লামা আহমদ শফী (রহ.)-এর ‘এক হও, এক হও’ আহ্বান স্মরণ করে তিনি বলেন, তারা কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী (রহ.)-এর আদর্শ ও ছায়াতলে থেকেই কাজ করে যাচ্ছেন।

কুচক্রী মহলের বিভেদ সৃষ্টির চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ঐতিহ্য ও উত্তরাধিকার কখনো বিসর্জন দেয়া হবে না।

উত্তরাধিকার আলোচনা সভা

স্মৃতিচারণ করলেন হেফাজতের যুগ্ম মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তার বক্তব্যে আল্লামা আহমদ শফী (রহ.)-এর বৈচিত্র্যময় জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার সঙ্গে কাটানো স্মৃতির কথা স্মরণ করেন।

তিনি উপস্থিত সবাইকে বুজুর্গদের আদর্শ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সার্বিক সাফল্য কামনা করেন।

উত্তরাধিকার আলোচনা সভা

চিন্তাবিদ ও খলিফার বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক চিন্তাবিদ খালেদ সানোয়ার বলেন, দুই আলেমের রেখে যাওয়া আদর্শ ও অবদান থেকেই বর্তমান প্রজন্ম অনেক কিছু অর্জন করেছে।

তিনি রাজনীতি ও নেতৃত্বের পথকে কঠিন উল্লেখ করে আবেগের বদলে গভীর চিন্তা-ভাবনার মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন, পাশাপাশি শাপলা চত্বর ও ৫ আগস্টের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

আল্লামা আহমদ শফী (রহ.) ও আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর খলিফা মুফতি ইনআমুল হাসান ফারুকী চীন থেকে অসুস্থ অবস্থায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

তিনি আল্লামা আহমদ শফী (রহ.)-কে অনন্য ও আপসহীন নেতা হিসেবে বর্ণনা করেন এবং তার সঙ্গে সান্নিধ্যের স্মৃতি তুলে ধরেন। বক্তব্যের শেষে তিনি নিজের আশু আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

উত্তরাধিকার আলোচনা সভা

উপস্থিত ছিলেন আরও অনেকে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর খাদেম মুফতি এনামুল হক শহিদবাড়িয়া।

এছাড়া শাইখ উসমান গণি, মাওলানা হুসাইন আকন্দ, মুফতি মুহাম্মাদুল্লাহ আফিফসহ বিভিন্ন পর্যায়ের অনেক আলেম-ওলামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আলোচনা সভায় দুই আলেমের আদর্শিক উত্তরাধিকার, তাদের দ্বীনি ও সামাজিক অবদান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।