নির্বাচনের পর জনগণের সব সমস্যার সমাধানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার কয়েক মাস পার হলেও তার কোনো দৃশ্যমান বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি-দখলদারিত্ব বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন হলেই নাকি সব ঠিক হয়ে যাবে এবং ক্ষমতায় এলে পেটে ভাত থাকবে – এমন কথা আমাদের দীর্ঘ দিন ধরে শুনতে হয়েছে। কিন্তু তারা ক্ষমতায় আসার পাঁচ-ছয় মাস পার হতে চললেও আজ সংস্কার তো নেই-ই, গ্যাস-বিদ্যুৎ ও পেটে ভাতও নেই।“
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের সুবিধা এবং এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির তীব্র অভিযোগ সামনে আসছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন ও বিচার দাবির অবস্থান
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কার্যকারিতা তুলে ধরে তিনি বলেন, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে না পারলে স্বাধীন নির্বাচনের সুযোগ থাকে না।
একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকদের প্রসঙ্গে তিনি বলেন, সরকারি অর্থে দলীয় প্রচার চালানো বন্ধ করতে হবে এবং এই প্রশাসকদের যেন নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া হয়, সে দাবি জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ভারতে থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে যথাযথ ও সঠিক বিচার নিশ্চিত করার জন্য এনসিপি সর্বদা প্রস্তুত রয়েছে।
সূত্র: ইত্তেফাক












