প্রায় দেড় বছর ধরে চলা টানাপড়েন কাটিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক করার উদ্যোগ দৃশ্যমান হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দুই দেশই ‘পুরোদমে’ ভিসা কার্যক্রম পুনরায় চালুর পথে এগোচ্ছে।
শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা ইস্যু পুনরায় শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। তার এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাইসহ বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে দ্রুত পূর্ণমাত্রায় সেবা চালুর জন্য দিল্লির কাছ থেকে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ঢাকা।
এ বিষয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়।
কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর ভিসা কার্যক্রম সম্পূর্ণভাবে চালু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
দুই দেশের মধ্যে এই অগ্রগতি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







