ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ওই আসনটি ছেড়ে দেওয়ায় তা শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয় থেকে এ-সংক্রান্ত একটি গেজেট জারি করা হয়েছে।
তারেক রহমান একই সঙ্গে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন রেখে অন্যটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় এখন বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির গেজেটে যা বলা হয়েছে
ইসি সচিবালয়ের গেজেটে উল্লেখ করা হয়:
“নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ ও ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হইলো।”
মঙ্গলবার শপথ নেবেন তারেক রহমান
জানা গেছে, সোমবার বিকেলে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ইসিতে চিঠি দিয়ে তার সিদ্ধান্তের কথা জানান। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও বিজয়ী হওয়ার পর কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। বাকি আসনগুলো ছেড়ে দেওয়ার পর সেখানে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন।
রাজনৈতিক গুরুত্ব
তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় এখন ওই এলাকায় উপ-নির্বাচনের তোড়জোড় শুরু হবে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে কে হবেন ধানের শীষের পরবর্তী প্রার্থী, তা নিয়ে এখনই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা-কল্পনা।










