প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
গত সোমবার স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন সাবিনা-সানজিদারা। ফুটবলের এমন অর্জনে নারী দলটির পাশে দাঁড়াচ্ছে বিসিবি।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী ফুটবলারদের ইতিহাস গড়া সাফল্যে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘কোনো সংশয় নেই যে এই সাফজয়ী ক্রীড়াবিদরা, বিশেষ করে নারীরা আন্তর্জাতিক অঙ্গন উজ্জ্বল করবে।’
সূত্রঃ কালবেলা










