সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় মূল অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে ইউপি চেয়ারম্যান বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। রব্বানি হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাঁরা সবাই চেয়ারম্যানের অনুসারী বলে পরিচিত।
ওদিকে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় ইউপি চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
সূত্রঃ ভোরের কাগজ







